ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

দীর্ঘদিনের পানি সংকট দূর করলেন এমপি চাঁদ, খুশি আদিবাসীরা

  • আপডেট: Friday, November 6, 2026 - 10:16 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার বামনদিঘী গ্রামের আদিবাসী পরিবারগুলোর দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সাবমার্সিবল (জলমটর) স্থাপন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এতে স্বস্তি ফিরেছে পরিবারগুলোর। দীর্ঘদিনের দুর্ভোগ দূর হওয়ায় খুশি স্থানীয় আদিবাসীরা।

গত মঙ্গলবার বামনদিঘী গ্রামে এ সাবমার্সিবল স্থাপন করা হয়। জানা গেছে, বামনদিঘী গ্রামের নন্দা কৃষি খামারের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন আদিবাসী সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার। সেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় খাবার পানি সংগ্রহ করতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল তাদের।

বিশেষ করে দৈনন্দিন পানির চাহিদা মেটাতে নানা সমস্যায় পড়তে হত পরিবারগুলোকে। এ অবস্থায় স্থানীয় সাবেক ইউপি সদস্য সিপন উদ্দিন বিষয়টি সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে অবহিত করেন। পরে আদিবাসী পরিবারগুলোর দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত উদ্যোগ নেন তিনি। তাঁর উদ্যোগে সেখানে সাবমার্সিবল জলমটর স্থাপন করে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য সিপন উদ্দিন বলেন, বামনদিঘী গ্রামের আদিবাসী পরিবারগুলো দীর্ঘদিন ধরে পানির সমস্যায় ভুগছিলেন। তাদের দুর্ভোগের কথা সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে জানালে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। তাঁর উদ্যোগে সাবমার্সিবল স্থাপন হওয়ায় এখন পরিবারগুলো পানির সুবিধা পাবেন।

আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি প্রদীপ কুমার বলেন, দীর্ঘদিন ধরে তারা পানির সমস্যায় ছিলেন। সংসদ সদস্যের উদ্যোগে পানির ব্যবস্থা হওয়ায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। এজন্য তিনি সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।