অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল: রাসিক প্রশাসক
স্টাফ রিপোর্টার: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে গতকাল রোববার বিকেলে রাজশাহী শিশু একাডেমিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের নতুন নতুন ধারণা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নগরবাসীকে সাথে নিয়ে রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর ও সম্ভাবনাময় নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপিসিও-এর সিনিয়র ম্যানেজার লোটাস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদির, কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্প্য, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন এবং রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু। এর আগে নগরীর সিএন্ডবি মোড় থেকে রাজশাহী শিশু একাডেমি পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জাতীয় সংগীত পরিবেশন, অতিথিদের ফুল ও উত্তরীয় প্রদান এবং প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হস্তান্তরের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে যুব ও শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহণে উদ্বোধনী নৃত্য, দেশাত্মবোধক গান ও নাটিকা পরিবেশিত হয়। অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তা, যুব প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করলেন প্রশাসক: রাজশাহী মহানগরীর নওদাপাড়া সিটি হাট সংলগ্ন রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত অ্যাসফল্ট প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। গতকাল রোববার দুপুরে প্লান্টটি পরিদর্শনকালে তিনি এর পরিচালনা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সার্বিক বিষয়ে আলোচনা করেন। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনে কীটনাশক স্প্রে কার্যক্রমও তিনি পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট এবং সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল রোববার দুপুর ৩টায় নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তর কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাসিক প্রশাসক নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান। সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সভাপতি মাহবুবুর রশীদ শান্তনু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল এবং নির্বাহী সদস্য রায়হান মাহমুদ উপস্থিত ছিলেন।











