ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে গ্রেপ্তার ছেলে, খালাস পেলেন বাবা

  • আপডেট: Saturday, October 24, 2026 - 10:27 pm

স্টাফ রিপোর্টার: ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকেন্দ্রিক পোস্টে বিতর্কিত মন্তব্যের জেরে আটক আবু বকর সিদ্দিকের বাবাকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গত শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। বিকেলে আবু বকর সিদ্দিকের বাবা মো. আয়নাল হককে প্রাথমিক বিষয়াদি যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

অন্যদিকে, অভিযুক্ত আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তা (এসআই) ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন। আবেদনের নথিতে উল্লেখ করা হয়, দেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র এবং রাষ্ট্রপ্রধানের ওপর হামলায় উসকানি দেয়ার অভিযোগের পেছনে অন্য কেউ জড়িত কি না, তা উদ্ঘাটনে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তা ছাড়া জামিন পেলে আসামি আলামত নষ্ট বা আত্মগোপন করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ব্যবহৃত বাসের ছবিসহ একটি পোস্টে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ লিখে মন্তব্য করেন আবু বকর সিদ্দিক। মন্তব্যটি নজরে আসার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়।

এরপর ডিবি পুলিশ ও রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) যৌথ অভিযান চালিয়ে গত বুধবার (২১ অক্টোবর) বিকেলে রাজশাহীর পবা থানার ঘোল হাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে আবু বকর সিদ্দিক ও তাঁর বাবাকে আটক করে। উদ্ধারকৃত স্মার্টফোন ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের নথিতে আবু বকর সিদ্দিক নিজ আইডি থেকে মন্তব্যটি করার কথা স্বীকার করেছেন।

তবে তাঁর বাবা আয়নাল হকের এতে কোনো সম্পৃক্ততা না পাওয়ায় যাচাই-বাছাই শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা উত্তর অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

সোনালী/জগদীশ রবিদাস