ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম

উত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য ১৩ হাজার কোটি টাকার অর্থায়ন নিয়ে সভা

  • আপডেট: Tuesday, September 22, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ১৩ হাজার কোটি টাকার দুটি পুনঃঅর্থায়ন স্কিমের প্রচার ও সফল বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী পিটিআই অডিটোরিয়ামে ব্যাংকার, কৃষক, এসএমই উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আয়োজিত সভায় লিড ব্যাংক হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করে রূপালী ব্যাংক পিএলসি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক এ কে এম গোলাম মাহমুদ, নাজিম উদ্দিন ও ড. ইসমাইল হোসেন।

সভায় জানানো হয়, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়ে তুলতে আরও ৩ হাজার কোটি টাকার একটি স্কিম ঘোষণা করেছে। এসব তহবিলের মাধ্যমে কৃষি, কৃষিভিত্তিক ব্যবসা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম অধিবেশনে দুটি পুনঃঅর্থায়ন তহবিলের উদ্দেশ, অর্থায়নের সুযোগ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে উত্তরবঙ্গের কৃষি খাতের উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প ও ব্যবসার প্রসার এবং উদ্যোক্তাদের সহজ অর্থায়ন নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। দ্বিতীয় অধিবেশনে প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র ব্যাংকারদের সমন্বয়ে গঠিত প্যানেল কৃষি ও এসএমই উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অর্থায়ন পাওয়ার বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন।

সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন তফসিলি ব্যাংকের স্থানীয় প্রতিনিধি ও শাখা ব্যবস্থাপক ছাড়াও কৃষি ও এসএমই উদ্যোক্তা অংশ নেন। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিএডিসি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের স্থানীয় প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রূপালী ব্যাংক পিএলসি এর মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন।

সোনালী/জগদীশ রবিদাস