রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১৬ বছরের কিশোরীর মৃত্যু, নতুন ভর্তি ৩১
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাথী রাণী (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত সাথী রাণী রাজশাহীর বাঘমারা উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোর ৫টা ২০ মিনিটে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথী রাণীর মৃত্যু হয়। এর আগে গত শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের মতে, ডেঙ্গু শক সিন্ড্রোমের কারণে তার মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। তিনি আরও জানান, বর্তমানে রামেক হাসপাতালে মোট ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।











