নগরীতে অনলাইন জুয়াচক্রের ২ সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া প্রতিরোধে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ টিম।
গত বুধবার রাত সোয়া ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুঁড়িপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ডিঙ্গাডোবা এলাকার শহিদুজ্জামান শান্ত (২৩) এবং ইয়াসিন আরাফাত আকাশ (২০)।
পুলিশ জানায়, আসামিদের কাছে থাকা দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তল্লাশি করে মোবাইল ব্যাংকিং হিসাবের ৪টি নম্বর, ২টি জিমেইল আইডি এবং ৮টি অবৈধ জুয়া ও বেটিং অ্যাপের তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।











