ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ১:২০ পূর্বাহ্ন

শিরোনাম

রাবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষ, আহত ২

  • আপডেট: Thursday, September 17, 2026 - 11:22 pm

স্টাফ রিপোর্টার: আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের দুই খেলোয়াড় আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। জানা গেছে, খেলার নির্ধারিত সময় ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ইতিহাস বিভাগ ৩-১ গোলে জয়লাভ করে।

ম্যাচ শেষে ইতিহাস বিভাগের খেলোয়াড়দের উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ শুরু হয়। এতে ইতিহাস বিভাগের খেলোয়াড় জীম ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের তানভীর আহত হন।

ইতিহাস বিভাগের খেলোয়াড় সানাউল্লাহ রাফসান বলেন, ম্যাচের শুরু থেকেই চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের খেলোয়াড়রা আক্রমণাত্মক আচরণ ও গালিগালাজ করছিল। আমরা জয় পাওয়ার পর উদযাপনের সময় তারা আক্রমণ চালায়। চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের হৃদয় আমাদের এক সতীর্থকে বুট দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের খেলোয়াড় তানভীর জামান বলেন, ইতিহাস বিভাগ জয়ী হওয়ায় আমরা তাদের অভিনন্দন জানাই। কিন্তু ম্যাচ শেষেই তাদের গ্যালারি থেকে আমাদের গোলকিপারের ওপর ইট নিক্ষেপ করা হয়। ইটটি তাদের অধিনায়ককে দেখাতে গেলে তারা দাবি করে আমাদের খেলোয়াড় ইট নিয়ে মারতে গেছে এবং সবাই মিলে গোলকিপারকে আক্রমণ করে।

পরে আমরা হাতাহাতিতে জড়িয়ে পড়ি। তাদের বিভাগের শিক্ষার্থীরাও গ্যালারি ভেঙে তেড়ে আসে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াস উদ্দীন আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত স্টেডিয়ামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মারামারিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।