লালপুরে মহিষ বাঁধা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে স্কুল মাঠে মহিষ বাঁধার ঘটনাকে কেন্দ্র করে আমানুল (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
বুধবার সকালে বিলমাড়িয়া ইউপির রসুলপুর গুচ্ছগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আমানুল লালপুর ইউনিয়নের বাকনা গ্রামের আপতার আলীর ছেলে। অভিযুক্ত হামলাকারীর ঝন্টু (৪০)রসুলপুর গুচ্ছ গ্রামের ( মোহরকয়া) মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, সকালে রসুলপুর গুচ্ছগ্রামের স্কুল মাঠে মহিষ বাঁধা নিয়ে আমানুলের সাথে ঝন্টুর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঝন্টু ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে ধারালো হাসুয়া এনে আমানুলকে এলোপাতাড়ি কোপায়। এতে তার বাম হাতের বাহুতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং তিনি রক্তাক্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ঝন্টু পলাতক রয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











