বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কোন্নয়নে সচেষ্ট ভারত: সহকারী হাইকমিশনার
সোনালী ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও উন্নত করতে ভারতের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
রোববার দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত দ্বিপাক্ষিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আরও মজবুত করতে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম এবং ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্য সম্প্রসারণে যেসব বিদ্যমান সমস্যা রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেগুলো দ্রুত সমাধান করা হবে।
এর আগে দুপুর ১টার দিকে তিনি সড়কপথে হিলি স্থলবন্দরের ডাকবাংলোতে পৌঁছালে হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর তিনি জিরো পয়েন্ট (শূন্যরেখা) পরিদর্শন করে বিজিবি ও বিএসএফ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং ভারতের এক্সপোর্টার্স কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতারাও তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে ডাকবাংলোতে স্থানীয় আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জর্জ মিত্র চাকমা, বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহিন মণ্ডল, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা ইনচার্জসহ বন্দরের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
সোনালী/জগদীশ রবিদাস











