ঢাকা | অক্টোবর ২২, ২০২৬ - ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে স্বাস্থ্যসচিব

  • আপডেট: Thursday, October 22, 2026 - 10:08 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও স্বাস্থ্যসেবার মান যাচাই করতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আ. ন. ম বজলুর রশিদ।

বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড, শিশু ওয়ার্ড, রান্নাঘর ও ওয়াশরুমসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় কিছু অসংগতি নজরে আসায় দ্রুত সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, গত বছর থেকে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ শুরু হলেও এ বছর তা বড় আকার ধারণ করেছে। জরিপে জেলার ৩৬ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে শয্যা, মশারি ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পৌরসভা সমন্বিতভাবে কাজ করছে। এ কার্যক্রম সফল করতে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পরে হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যসচিব।

হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ মোঃ জমির হাসিবুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হারুনুর  রশিদ, জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, সিভিল সার্জন এ.কে.এম শাহাব উদ্দিন প্রমুখ। এসময় প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।