নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-পাউরুটি উৎপাদন বেকারিকে জরিমানা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-পাউরুটি উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে রাজশাহী মহানগরীতে এক বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ছোটবনগ্রাম এলাকায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানটি হলো ‘আলামিন ফুড প্রোডাক্টস’।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযান পরিচালনাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি দল উপস্থিত থেকে সহায়তা প্রদান করে।
বিএসটিআই রাজশাহী কার্যালয় সূত্রে জানানো হয়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে মহানগরীতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।











