ঢাকা | সেপ্টেম্বর ৪, ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম

মান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির হাসপাতালে মৃত্যু

  • আপডেট: Friday, September 4, 2026 - 9:56 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মান্দায় বসতবাড়ি কেনার পর চাঁদা না দেয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠা সারওয়ার জাহান উজ্জল (৪৫) মারা গেছেন। প্রায় পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত সারওয়ার জাহান উজ্জল নুরুল্লাবাদ ইউনিয়নের চকভোলাই গ্রামের কছিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম।

এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উজ্জল একই এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি বসতবাড়ি কিনেছিলেন।

বাড়িটি কেনার পর থেকে কালীগ্রাম গ্রামের ইউপি সদস্য রাজু আহমেদ (৫০) ও তাঁর সহযোগীরা তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২২ মার্চ দুপুরে তাঁকে কালীগ্রাম উপস্বাস্থ্যকেন্দ্রের পেছনে নিয়ে মারধর করা হয়।

এজাহারে বলা হয়েছে, ইউপি সদস্য রাজু আহমেদ ও শহিদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ব্যক্তি উজ্জলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। এ ঘটনায় উজ্জলের স্ত্রী সাথী আক্তার বাদী হয়ে ইউপি সদস্য রাজু আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মান্দা থানায় মামলা করেন।

সাথী আক্তার বলেন, হামলার পর তাঁর স্বামীকে দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাঁকে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গত ১ সেপ্টেম্বর আবার তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, চাঁদা দাবি ও মারধরের ঘটনায় করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মারধরের কারণে উজ্জলের মৃত্যু হয়েছে বলে উল্লেখ থাকলে এ ঘটনায় সম্পূরক অভিযোগপত্র দেয়া হবে।