ঢাকা | অগাস্ট ২১, ২০২৬ - ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম

আমদানিতে কমেছে সবজির দাম

  • আপডেট: Friday, August 21, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: সরবরাহ পর্যাপ্ত হওয়ায় রাজশাহী মহানগরীর কাঁচাবাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজির দাম উল্লেখযোগ্য হারে কমে এসেছে। কয়েকদিন আগের চড়া দাম হাতের নাগালে আসায় সাধারণ ও সীমিত আয়ের ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।

মহানগরীর প্রধান প্রধান কাঁচাবাজার সাহেব বাজার, সাগরপাড়া, নওদাপাড়া, হড়গ্রাম, মাস্টারপাড়া ও লক্ষ্মীপুর ঘুরে দেখা গেছে, স্থানীয় মাঠগুলো থেকে পানি নেমে যাওয়ার পর থেকে বাজারে টাটকা সবজির আমদানি বেড়েছে।

গত সপ্তাহে যে কাঁচামরিচ ২৪০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, তা এখন নেমে এসেছে মাত্র ৬০ থেকে ৮০ টাকায়। পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা, ঝিঙে, চিচিঙ্গা ও কচুর লতি ৩০-৪০ টাকা কেজি দরে। আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা এবং পেঁপে ২০-২৫ টাকায়।

সবজি বিক্রেতা ও পাইকারি ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, জমি থেকে পানি নেমে যাওয়ায় উৎপাদন স্বাভাবিক হয়েছে এবং সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিতা সরকার জানান, আবহাওয়া ও উৎপাদন অনুকূলে থাকায় সামনে সবজির দাম আরও স্বাভাবিক থাকবে। তবে সবজির বাজারে স্বস্তি থাকলেও মাছ, মুরগি ও ডিমের দাম কিছুটা বাড়তির দিকে থাকায় সেখানেও তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা।