ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী থেকে নেসকোর কার্যালয় স্থানান্তর বাতিলসহ সাত দফা দাবিতে স্মারকলিপি

  • আপডেট: Sunday, August 9, 2026 - 11:53 pm

স্টাফ রিপোর্টার: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে স্থানান্তর প্রক্রিয়া বাতিল ও সদর দপ্তর রাজশাহীতে স্থায়ী করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস), ভঙ্গী নৃত্য শিল্পালয় ও স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। ইয়্যাসের সভাপতি মো. শামীউল আলীম শাওনের নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলা প্রশাসকের কাছে এটি জমা দেন।

স্মারকলিপিতে নেসকোর কার্যালয় স্থায়ী করার পাশাপাশি রাজশাহী বিভাগের প্রশাসনিক অখণ্ডতা রক্ষা, সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ, জাতীয় দপ্তরের বিকেন্দ্রীকরণ, শাহ মখদুম বিমানবন্দরে কার্গো সেবা, সুলতানগঞ্জ-মায়া নৌপথ চালু এবং বিশেষায়িত শিশু হাসপাতাল সচল করার দাবি জানানো হয়। এ ছাড়া রাকাব, নেসকো, রেশম বোর্ড, সারদা পুলিশ একাডেমি, পোস্টাল একাডেমি ও বিএমডিএসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে স্থানান্তরের প্রক্রিয়া থেকে আইনি সুরক্ষা দেওয়ার জোর দাবি জানান বক্তারা।