ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অধিকার ও সাংবিধানিক স্বীকৃতির দাবি

  • আপডেট: Sunday, August 9, 2026 - 10:48 pm

স্টাফ রিপোর্টার: ‘সৃষ্টিকর্তা সর্বশক্তিমান এবং আদিবাসী ধর্মীদের সংগ্রাম: জীবন ও সংস্কৃতি সুরক্ষায় অবদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 রোববার জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুন লাইট গার্ডেনে এসে শেষ হয়।

এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের বোর্ড মেম্বার সাইফুল ইসলাম হিরক আয়োজক সংগঠনের কেন্দ্রীয়  সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবুল রবিদাস, সহ-সভাপতি রাজকুমার শাও, সাংগঠনিক সম্পাদক আমিন কুজুর, কেন্দ্রীয় সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার, যুবদল রাজশাহী মহানগর সাবেক সভাপতি ও সদস্য সচিব রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি মাহফুজুল হাসনাইন হিকোল, রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, দিঘরী রাজা পরিষদের প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন সরদার, নওগাঁ জেলা সাধারণ সম্পাদক দিপঙ্কর লাকড়া, আদিবাসী যুব পরিষদের সভাপতি যাদু কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন আহ্বায়ক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি। সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।

আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি, ভাষা, ভূমির অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় পরিচয় সংরক্ষণে সরকার, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নৃত্য, গান ও ঐতিহ্যবাহী পরিবেশনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্মসূচির সাফল্য মন্ডিত হয়।

রাবির আদিবাসী শিক্ষার্থী: আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতি, সমতল মান্দিদের জন্য পৃথক ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নসহ চার দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আদিবাসী শিক্ষার্থীরা।

গতকাল রোববার ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেন তারা। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। এ সময় ‘আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে’, ‘সমতল মান্দিদের জন্য পৃথক ভূমি করতে হবে’, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে হবে’ এবং ‘নিরাপত্তার নামে হয়রানি চলবে না’ এমন দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।

তানোর: তানোর প্রতিনিধি জানান, তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মাঞ্জাহী বাইসি ও পারগানা বাইসির আয়োজনের র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর জামায়াতের আমির আলমগীর হোসেন। তানোর উপজেলা মাঞ্জাহী বাইসির সভাপতি সুরেষ টুডুর সভাপতিত্বে ও উপজেলা পারগানার উপদেষ্টা গনেষ কিস্কুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাহিম মোল্লা, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের, হিন্দু খৃস্টান আমিবাসী জামায়াতের অমুসলিম শাখা সভাপতি দর্শনাথ দাস প্রমুখ।

গোদাগাড়ী: “আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন রক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে আর্ন্তজাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপন করা হয়। আদিবাসী সামাজিক নেতৃবৃন্দসহ রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের শতাধিক সদস্যবৃন্দের অংশগ্রহণে সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়। ঐতিহ্যবাহী সাজসজ্জা ও বাদ্যযন্ত্রসহ জাকজমকপূর্ণ শোভাযাত্রাটি কাকনহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে পথসভা অনুষ্ঠিত হয়। সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন ও সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা বিউটি তির্কী,  সিষ্টি টুডু, ইথার আরিফ এবং পদ্মা টাইমসের সাংবাদিক আব্দুল বাতেন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ থেকে সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার ও মাতৃভাষায় শিক্ষাসহ নানা দাবি তুলে ধরেছেন আদিবাসী নেতৃবৃন্দ। এ উপলক্ষে রোববার বেলা ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি কর্নেলিয়াস মুরমু, প্রচার সম্পাদক প্রদীপ হেমরম, নারী নেত্রী কল্পনা মুরমু, সমাজ উন্নয়ন কর্মী নিকোলাস মুরমু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির মনিকা সরেন,  শিক্ষক আলবেরিকুশ মুরমুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পোরশা: পোরশা প্রতিনিধি জানান, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে  রোববার জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ উপজেলা কমিটির আয়োজনে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ইউএনও রাকিবুল ইসলাম ও আদিবাসী নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, নিজস্ব অধিকার রক্ষা এবং তাদের সমৃদ্ধ ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এছাড়াও সভায় আদিবাসী পরিষদের সভাপতি ধীরেন লাকড়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সূফি শাহ্ স্থানীয় আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।