ঢাকা | অগাস্ট ১, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

পদ্মা আবাসিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে ভূমিমন্ত্রী মিনু

  • আপডেট: Saturday, August 1, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় নগরীর পদ্মা আবাসিক এলাকার ২ ও ৩ নম্বর সড়কের পাশে এবং পরবর্তীতে রাজশাহী কলেজের উন্মুক্ত প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ দিনের কর্মসূচি সম্পন্ন হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থেকে নগরজুড়ে সবুজায়ন সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ধারাবাহিকভাবে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে আরডিএ। কর্মসূচির আওতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, পার্ক ও আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে গাছের চারা রোপণ ও তা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, অনিয়ন্ত্রিত নগরায়ণের ফলে পরিবেশের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। চারা রোপণের পাশাপাশি তা লালন-পালন করার আহ্বান জানান তারা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান মিলন, মারুফ হোসেন জীবন, শফিকুল ইসলাম শ্যামল, জয়নাল আবেদীন, নাইম ইসলাম, তোরাব আলী পারভেজ, শরিফুল হাসান পরাগ, আজিম উদ্দিন সোহাগ ও রবিউল ইসলাম ডলারসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, আরডিএ পার্কে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহী মহানগরীর অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে পরিচালনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।