ঢাকা | অগাস্ট ১, ২০২৬ - ১১:১২ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন

  • আপডেট: Saturday, August 1, 2026 - 10:23 pm

স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম।

শনিবার বিকেলে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সাবেক স্বাস্থ্য সচিব এস. এম. জহুরুল ইসলাম এবং রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচির শুরুতেই পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। পরে উপস্থিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। আলোচনা পর্বে বক্তারা রাজশাহী কলেজের দেড়শত বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, শিক্ষা ও ঐতিহ্যের প্রসারে বিদ্যাপীঠটির অবদান এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যকার মেলবন্ধন সুদৃঢ় করতে পুনর্মিলনী উৎসবের গুরুত্ব তুলে ধরেন।

উদযাপন কার্যক্রম সফল করতে দেশ-বিদেশে অবস্থানরত কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীকে সময়মতো নিবন্ধন সম্পন্ন করে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান তারা। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, আমন্ত্রিত সুধীজন, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।