মহাদেবপুরে বর্ষণে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: মহাদেবপুরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় এ উপলক্ষে উপজেলার খাজুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী মর্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এতে সভাপতিত্ব করেন।
এমপির প্রতিনিধি ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রভাষক মিরাজুল ইসলাম, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান প্রভাষক খায়রুল ইসলাম প্রমুখ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, এলাকার অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০ জন দুঃস্থের মধ্যে জিআর প্রকল্পের আওতায় ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবুল বলেন, “গত ১৭ বছর গরীবের কোন কাজ হয়নি। বরং বড়লোক আরো বড়লোক হয়েছে। বিএনপি আমলে বেগম খালেদা জিয়া যা যা দিয়েছেন, বর্তমান সরকারও তাই তাই দিবে। বেগম খালেদা জিয়ার ছেলেই এখন প্রধানমন্ত্রী। কাজেই এখন আর আপনাদের সমস্যা হবেনা ইনশ্আল্লাহ। সরকারের পাঁচ পয়সাও আমার কোন নেতাকর্মী খাবেনা, আমিও খাবোনা। কেউ খেলে আমাকে সরাসরি ফোন দিবেন, ব্যবস্থা হবে। কারণ আমরা মানুষের কাজ করতে আসছি, মানুষের গালি শুনতে আসিনি।” তিনি এলাকার রাস্তাঘাট ও অন্যান্য সমস্যার সমাধানের আশ্বাস দেন।











