ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম

সিএনজি পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আরএমপি’র মতবিনিময়

  • আপডেট: Saturday, July 18, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে সিএনজি চালিত পরিবহন ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ ও যাত্রীসাধারণের জন্য সুবিধাজনক করতে সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

শনিবার দুপুর সাড়ে ১২টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় সিএনজি পরিবহন খাতের বিদ্যমান সমস্যা দূরীকরণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সিএনজি মালিক সমিতির নেতারা তাদের বিভিন্ন দাবি ও প্রস্তাবনা পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। পুলিশ কমিশনার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং আইনসম্মত ও যৌক্তিক দাবিগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

সভায় সিএনজি চালক ও মালিকদের ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, মহাসড়কে সিএনজি অটোরিকশা চালানো থেকে বিরত থাকতে হবে এবং যাত্রীদের সঙ্গে সবসময় সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে। কোনো চালক যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ রাজশাহী নগরী গড়ে তুলতে পুলিশ ও পরিবহন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।