চীনে উচ্চশিক্ষা ও চিকিৎসা সেবা বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে শনিবার ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসায়িক সম্ভাবনা, চিকিৎসা সেবা এবং ভিসা সংক্রান্ত তথ্য’ বিষয়ক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মালিশা গ্রুপ এবং আরশি গ্লোবাল কেয়ারের যৌথ উদ্যোগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী তথ্যবহুল সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হাসান আলী, ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালের প্রাক্তন তত্ত্বাবধায়ক ডা. জাহাঙ্গীর এবং রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান ডা. মোরশেদ জামান মিয়া। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা এবং আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরের সভাপতি এ.কে.এম সারোয়ার জাহান প্রিন্স। সেমিনারে বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ডা. সেতাউর রহমান এবং ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
দিনব্যাপী এই সেমিনারে মূলত চীনে স্টুডেন্ট ভিসা ও উচ্চশিক্ষার সুযোগ, ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, উন্নত চিকিৎসা সেবা এবং মেডিকেল ভিসা প্রসেসিং সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজক সংস্থা ‘আরশি গ্লোবাল কেয়ার’-এর পক্ষ থেকে জানানো হয়, বিদেশ শিক্ষা, ব্যবসা ও চিকিৎসা প্রয়োজনে তারা সবসময় মানুষের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করছে। সেমিনারে বিপুল সংখ্যক শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় নাগরিক অংশ নেন।











