ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ১২:৪৯ পূর্বাহ্ন

মোহনপুরে ঘোড়ার গাড়িতে কলেজ অধ্যক্ষের বিদায়

  • আপডেট: Sunday, July 12, 2026 - 9:34 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে আত্রাই অগ্রনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরসুজ্জামান মালেককে বিদায় সংবর্ধনা দিয়েছেন কলেজের সহকর্মী ও শিক্ষার্থীরা।

গত শনিবার আত্রাই অগ্রনী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অবসরে যাওয়া অধ্যক্ষের সম্মান জানাতে ব্যতিক্রমী আয়োজন করেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদায় অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মাও: এফ এম ইসমাইল আলম আল হাসানীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপাধ্যক্ষ আব্দুল আওয়ালের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সিরাজ উদ্দিন, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ,  প্রধান শিক্ষক কামরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাধ্যক্ষ মো: আব্দুল আওয়াল কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে কলেজের প্রধান ফটক পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে ফুলে সজ্জিত একটি ঘোড়ার গাড়ি। গাড়িতে বসে ছিলেন সদ্য অবসরে যাওয়া আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজ অধ্যক্ষ আরসুজ্জামান মালেক। দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও শুভাকাংক্ষীরা। কেউ ফুল ছুড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন। আবার অনেকের চোখে ছিল অশ্রু। এমন আবেগঘন পরিবেশেই বিদায় জানানো হয় অধ্যক্ষ আরসুজ্জামান মালেককে।