ঢাকা | জুলাই ৫, ২০২৬ - ১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

দায়িত্ব পালনে অবহেলা নয়, ভালো কাজের জন্য রয়েছে পুরস্কার

  • আপডেট: Saturday, July 4, 2026 - 10:34 pm

কর্মকর্তাদের উদ্দেশে রাসিক প্রশাসক:

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রকৌশল বিভাগের কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, সততা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে প্রত্যেককে নিজ নিজ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। ভালো কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে, তেমনি নাগরিক সেবার এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটাকে এগিয়ে নিতে দিনরাত পরিশ্রম করছেন। তিনি আমাকে এই মহানগরীর উন্নয়নে কাজ করার দায়িত্ব প্রদান করেছেন। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন করতে চাই। সকলের সমন্বিত প্রচেষ্টায় আগামী ১ থেকে ২ বছরের মধ্যে এই নগরী দেশের অন্যতম সুন্দর নগরী হিসেবে গড়ে উঠবে। উন্নয়ন কার্যক্রমের রূপরেখা তুলে ধরে প্রশাসক বলেন, নতুন নতুন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে প্রকৌশল বিভাগের ভূমিকা অপরিসীম। নাগরিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ওয়ার্ড পর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে আগামীতে সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই সভায় রাজশাহী মহানগরীতে চলমান উন্নয়ন প্রকল্পের সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ। সভায় রাসিকের প্রকৌশল বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন গতকাল শনিবার নগরীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী নানামুখী কর্মসূচিতে অংশ নিয়েছেন। দিনভর এসব কর্মসূচির মধ্যে ছিল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ, পরিবেশ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য মতবিনিময়।

আরএমসি চ্যাম্পিয়নস কাপের পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ:

গতকাল শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাস মাঠে রামেক ছাত্রদল আয়োজিত ‘আরএমসি চ্যাম্পিয়নস কাপ’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ৬৫-৩৫ ব্যাচের দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৬১-৩১ ও ৬২-৩২ ব্যাচের যৌথ ইন্টার্ন দল। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নানা পদক্ষেপের ওপর ভিত্তি করে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

পুরস্কার বিতরণ শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে রামেক ক্যাম্পাসে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ করে এই অভিযানের উদ্বোধন করেন রাসিক প্রশাসক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রামেকের অধ্যক্ষ ডা. খন্দকার মোঃ ফয়সাল আলম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-আল ইসলাম, বিএমএ-এর সাবেক সভাপতি ডা. ওয়াসিম হোসেন, ড্যাব রামেকের সাবেক আহ্বায়ক ডা. মোফাখারুল ইসলাম এবং রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু উপস্থিত ছিলেন।

তালাইমারী ফুলতলায় পরিচ্ছন্নতা অভিযান:

এর আগে সকাল ১০টায় রাজশাহী মহানগরের মতিহার থানাধীন তালাইমারী ফুলতলা নদীর ধার পর্যটন কেন্দ্র এলাকায় এক বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন, রাজশাহী’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং সংগঠনের স্বেচ্ছাসেবকদের পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের উপদেষ্টা ও আল-আকসা-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। এছাড়াও বিডি ক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক শাহাদাৎ হোসেন, জেলা সমন্বয়ক মাহফুজ আহমেদসহ সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ:

এদিকে দুপুরের দিকে নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক (জাসাস) সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় জাসাস মহানগর আহবায়ক অ্যাড. রজব আলী, সদস্য সচিব সেলিম রেজা, পবা জাসাস সভাপতি আলহাজ্ব একরাম হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম আলী, জেলা জাসাসের সদস্য অধ্যক্ষ আফজাল হোসেন, সদস্য অধ্যাপক হেলাল হোসেন, পবা জাসাসের সহ-সভাপতি অধ্যাপক আতাউর রহমানসহ জাসাসের জেলা ও মহানগর কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস