ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ১:৩২ পূর্বাহ্ন

রাজশাহীতে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট: Thursday, July 2, 2026 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করেছেন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে জাতীয় কবির অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর আদর্শ, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদ্বোধনী উপলক্ষে রাজশাহীতে দীর্ঘমেয়াদী উৎসবের অংশ হিসেবে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজশাহীর সংস্কৃতিপ্রেমীদের জন্য এই তিন দিন নজরুলের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে নানা আয়োজন রাখা হয়েছে।

তিনি জানান, তিন দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নজরুলের স্মৃতিভিত্তিক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ৩ জুলাই বিভিন্ন বয়সের প্রতিযোগীদের অংশগ্রহণে উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আগামীকাল ৪  জুলাই নজরুলের বিভিন্ন ধারার গান নিয়ে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।