ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ১:৫৫ পূর্বাহ্ন

পবায় মাদকসহ আটক যুবকের কারাদণ্ড

  • আপডেট: Thursday, July 2, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ আটক এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রহমান কোল্ড স্টোরেজ মোড় এলাকায় পবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন। উপজেলা প্রশাসন ও পবা থানা পুলিশের যৌথ অভিযানের পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ফরিদুল ইসলাম (২৩)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার চীনপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সকালে পবা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাদকদ্রব্যসহ ফরিদুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে মাদক সেবন ও মাদকদ্রব্য রাখার অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। দণ্ডাদেশের পর সাজা পরোয়ানামূলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি, বহন বা সংরক্ষণের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।