ঢাকা | জুলাই ২, ২০২৬ - ১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাবি পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান

  • আপডেট: Wednesday, July 1, 2026 - 10:00 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং কৃতী শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে ‘প্রফেসর ড. মুক্তার মোহাম্মদ আলী বৃত্তি’ প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে পরিসংখ্যান বিভাগের সামনের চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাবি উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম। এরপর সকাল ১০টায় উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাস পরিভ্রমণ করে একটি বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সকাল ১০টা ৪৫ মিনিটে বিভাগীয় মিলনায়তনে আলোচনা সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও মেরিন চিফ ইঞ্জিনিয়ার শফিকুর রহমান।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নর্থ-বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর  ছায়েদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।