ঢাকা | জুন ২৯, ২০২৬ - ১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

  • আপডেট: Sunday, June 28, 2026 - 10:38 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে। এক বছরের ব্যবধানে এই শিক্ষাবোর্ডে ৭ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী বেড়েছে। তবে এইচএসসিতে ২০২৫ সালে গেল ৭ বছরে সর্বনিম্ন পাসের হার ছিলো রাজশাহীতে।

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর শিক্ষাবোর্ডে মোট পরীর্ক্ষার্থী সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। এদের মধ্যে ছাত্র ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। এছাড়া ২০২৫ সালে ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডের আওতাধীন ৮টি জেলায় ২০৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড।

গতবছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় ঘটে। এই বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ, যা ছিলো সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

২০২৫ সালে রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেন ৭৭ হাজার ৭৪২ জন। জিপিএ-৫ পান ১০ হাজার ১৩৭ জন। রাজশাহী বোর্ডে ছাত্রদের পাসের হার ছিলো ৫০ দশমিক ৬৯ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া ছাত্রদের মধ্যে ৪ হাজার ৪৫৫ জন ও ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পান ৫ হাজার ৬৮২ জন।

এর আগে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ, ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ এবং ২০১৯ সালে ৭৬ দশমিক ৩৮ শতংশ।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেছেন। সেই সাথে অভিভাবক ও শিক্ষকবৃন্দ যে পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন সেজন্য তাদেরকেও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, কোনো কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অবৈধ কোনো কার্যকলাপে জড়িত থাকলে বোর্ড কর্তৃক বিধিমোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আশা করেন।

চলতি বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে শেষ হবে ৮ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে। রুটিন অনুযায়ী, শুরুর দিনে বাংলা প্রথম প্রত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট শেষ দিনে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা  ২য় পত্র, শিশু বিকাশ ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। আবার দ্বিতীয় শিফটে পরীক্ষা চলবে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষার্থীদের নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল, রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।