ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি: ভূমিমন্ত্রী
সোনালী ডেস্ক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি।
রোববার জাতীয় সংসদে নিজ দপ্তরে দক্ষিণ কোরিয়ার ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল রূপান্তর, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ভূমিমন্ত্রী বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার চলমান ডিজিটালাইজেশন কার্যক্রমের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বলেন, ভূমিসেবা ডিজিটালাইজেশন বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অর্জন। এর মাধ্যমে জনগণ সহজ, দ্রুত ও স্বচ্ছ সেবা পাচ্ছে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
এসময় ডোমইয়াং মেটার প্রতিনিধিরা জানান, ভূমি মন্ত্রণালয়ের কৌশলগত ডিজিটাল রূপান্তর নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় প্রতিষ্ঠান ঢাকা মেটা-র সহযোগিতায় তারা ডিআরএস (ভূমি রেকর্ড ও জরিপ) সংক্রান্ত কার্যক্রম দক্ষতা, নির্ভুলতা ও দ্রুততার সঙ্গে বাস্তবায়নে সক্ষম। সম্ভাব্য স্বল্পতম সময়ে সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্মার্ট, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারের এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল ভূমিকা রাখবে।











