ঢাকা | জুন ২৯, ২০২৬ - ১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট: Sunday, June 28, 2026 - 10:33 pm

বাগমারা প্রতিনিধি: ঘুষ, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

রোববার দুপুরে বিদ্যালয় সংলগ্ন জিল্লুর মোড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন গোবিন্দপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য জাহাঙ্গীর আলম, প্রাক্তন সদস্য আব্দুল মজিদ, ভুক্তভোগী নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের প্রাক্তন আহ্বায়ক লিটন মিয়া প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, আয়েশা সিদ্দিকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা অনিয়ম করে আসছেন। সম্প্রতি তিনি বিদ্যালয়ে পিয়ন পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে স্থানীয় ওমর আলীর ছেলে নজরুল ইসলামের কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ থেকে বাঁচতে প্রধান শিক্ষিকা নিজের আত্মীয়-স্বজনদের নিয়ে গোপনে একটি পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন বলেও বক্তারা দাবি করেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, রাজনৈতিক জটিলতার কারণে নিয়োগ সম্পন্ন না হওয়ায় বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি কছিমুদ্দিন ওই টাকা আমার কাছ থেকে ফেরত নিয়েছেন।