ঢাকা | জুন ২৯, ২০২৬ - ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশা ও বড়াইগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট: Sunday, June 28, 2026 - 10:33 pm

পোরশা ও বড়াইগ্রাম প্রতিনিধি: নওগাঁর পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাইয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

উদ্বোধনকালে ইউএনও বলেন, একটি সুস্থ ও সবল প্রজন্ম গঠনে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্ধত্ব প্রতিরোধ করে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইমামুল আরেফিনসহ স্থানীয় চিকিৎসাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে নাটোরের বড়াইগ্রামে অনুরূপ ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। উপজেলার মাঝগাঁও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাইয়ে তিনি এ কার্যক্রমের সূচনা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু জানান, এবারের ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৩ হাজার ৫০০ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৯৯০ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার মোট ১৬৯টি কেন্দ্রে ৩৩৮ জন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।