ঢাকা | জুন ২৬, ২০২৬ - ৩:২২ পূর্বাহ্ন

রাজশাহীতে ‘ফল ও আম মেলার উদ্বোধন

  • আপডেট: Thursday, June 25, 2026 - 11:14 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শুরু হয়েছে “ফল ও আম মেলা-২০২৬”।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের অর্থায়নে বৃহস্পতবিার সকালে নগরীর রেলগেট খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এবারের মেলায় বিভিন্ন জাতের আম ও মৌসুমি ফলের প্রদর্শনীর পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া মেলা প্রাঙ্গণে কৃষকদের নানা ধরনের তথ্যসেবাও প্রদান করা হচ্ছে।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, “আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহীর আম দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রসার এবং ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতেই মূলত এই মেলার আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, বিভিন্ন দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান এবং সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।