ঢাকা | জুন ২৬, ২০২৬ - ৩:৪১ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে কাপড় ব্যবসায়ীকে মারধর ও হুমকি, থানায় অভিযোগ

  • আপডেট: Thursday, June 25, 2026 - 11:12 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঝিড়কুপাড়া সাগরাম মোড়ে এক কাপড় ব্যবসায়ীকে গালিগালাজ, মারধর ও দোকান ভাঙচুর করে ক্ষতিসাধন এবং পরবর্তীতে খুন-জখমের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনার নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী রব্বানী (৪৪) বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সাগরাম মোড় এলাকার কাপড় ব্যবসায়ী ও পানিহার গ্রামের বাসিন্দা রব্বানী গত ২২ জুন বিকেল অনুমান ৫টার দিকে তার দোকানে বসে ছিলেন।

এ সময় পূর্ব শত্রুতার জের ধরে বা আকস্মিকভাবে একই উপজেলার নারায়ণপুর গ্রামের মো. জব্বার আলীর চার ছেলে-মো. আসিফ (২২), এমদাদুল (২৮), বাবু (৩০) এবং মো. আলমগীর (৩২) দোকানের সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। গালিগালাজ করতে নিষেধ করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী রব্বানীকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগীর ডাক-চিৎকারে অভিযুক্তরা দোকানের কাপড়চোপড়সহ আনুষঙ্গিক মালামাল ভাঙচুর ও নষ্ট করে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। পরবর্তীতে ঘটনাস্থলে স্থানীয় ১ নং গোদাগাড়ী ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) তরিকুল এবং বাবলু মিস্ত্রি ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা ভুক্তভোগী ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন-জখমের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ব্যবসায়ী রব্বানী জানান, এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় এবং আইনি সহায়তার লক্ষ্যে তিনি থানায় এই সাধারণ ডায়েরির আবেদন করেছেন। গোদাগাড়ী থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা তদন্ত করে দেখছে।