গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। সভায় জানানো হয়, এবার গোদাগাড়ী উপজেলায় মোট ৪৮ হাজার ২৮৫ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫ হাজার ৭৬০ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৪২ হাজার ৫২৫ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফল করতে উপজেলায় ২১৬টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। এদিকে, একই উপলক্ষে সকালে গোদাগাড়ী পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে পৌরসভার সচিব সারোয়ার জাহান মুকুলের সভাপতিত্বে অপর একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











