নওহাটা পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার: নওহাটা পৌরসভায় প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ইউনিব্লক সড়ক, আরসিসি নালা, রিটেইনিং ওয়াল ও গণশৌচাগারসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার নওহাটা পৌরসভার হাটবাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কাজের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবা ও মোহনপুর এলাকার মাস্টারপ্ল্যান এগিয়ে নিতে এবং প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করতে ঢাকায় মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের সুফল হিসেবে ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।”
এমপি মিলন বলেন, রাজশাহীর পাঁচটি ইউনিট কাটাখালী, নওহাটা, কেশরহাট পৌরসভা এবং পবা ও মোহনপুর উপজেলা এলাকাগুলোর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। “দীর্ঘ প্রচেষ্টার পর গত চার মাসে বিভিন্ন টেন্ডার ও সম্পূরক বাজেটের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। আগামী পাঁচ বছরে অন্তত ৬০ শতাংশ উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে,” বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌরসভার প্রশাসক ইবনুল আবেদীন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় এসব উন্নয়নকাজ সম্পন্ন করা হচ্ছে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রহিম ও তৌফিক হোসেন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
এছাড়া সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











