ঢাকা | জুন ২১, ২০২৬ - ৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে কমেছে সবজির দাম

  • আপডেট: Friday, June 19, 2026 - 10:38 pm

স্টাফ রিপোর্টার: ঈদের পরে বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমেছে সবজির দাম। এছাড়া মাছ, মুরগিসহ অন্যান্য সামগ্রীর দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার রাজশাহী মহানগরীসহ এর উপকন্ঠের বাজার গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের পরে বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে বাজারে কমেছে সবজির দাম। গতকাল প্রতিকেজি আলু ২০ থেকে ২৫, বেগুন ২৫ থেকে ৩০, ঢেড়স ২০, পটল ২০, শশা ৩০ থেকে ৪০, মিস্টি কুমড়া ৩০, প্রতিপিস লাউ ২০, চাল কুমড়া ২০, আদা ১০০, রসুন ৮০ টাকা ও কাঁচা মরিচ ৪০, পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে।

রাজশাহীর খুচরা বিক্রেতারা গতকাল প্রতিকেজি ছোটমাছ ২২০ থেকে ৪০০, সিলভার কার্প ১২০ থেকে ১৮০, পাঙ্গাস ১৩০ থেকে ১৯০, রুই-কাতলা ২২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিকেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০, খাসির মাংস ৯শো’ থেকে ১১০০ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে খামারের মুরগির ডিমের সরবরাহ ঠিক থাকলেও ঈদের পর চাহিদা কমেছে। ফলে বাজারে ডিমের দাম কমে গেছে। বাজারে গতকাল প্রতিহালি সাদাডিম ৩২ থেকে ৩৪ এবং লালডিম ৩৬/৩৮ টাকায় বিক্রি হয়েছে। এদিকে বাজারে মুরগির দাম অপরিবর্তীত রয়েছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০, সোনালী ২৭০ থেকে ২৯০, লেয়ার ২৯০ থেকে ৩২০, দেশি মুরগি ৫৮০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া নগরীর কুমারপাড়ার চালের আড়ত গুলোতে খোজ নিয়ে জানা যায়, পাইকারি বাজারে প্রতিকেজি গুটিস্বর্না ৪৬/৪৭, পারিজা/ লালস্বর্না ৫৫ থেকে ৫৭, আটাশ ৬২, মিনিকেট ৬৬ থেকে ৭২, নাজির শাইল ৭৬ টাকায় বিক্রি হয়েছে।

খুচরা বাজারে প্রতিকেজি গুটিস্বর্না ৪৮ থেকে ৫০, পারিজা/ লালস্বর্না ৫৬ থেকে ৬০, আটাশ ৬৪, মিনিকেট ৭৪, নাজির শাইল ৮০, আতব চাল ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়েছে। এদিকে আটা খোলা ৪৮ থেকে ৫২, প্যাকেট ৫৩ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে।