ঢাকা | জুন ৯, ২০২৬ - ১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে বিল কুমারী বিলে মাছের পোনা অবমুক্ত

  • আপডেট: Monday, June 8, 2026 - 11:02 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরের বিল কুমারী ও জবই বিলসহ পার্শ্ববর্তী এলাকার জলাশয়সমূহে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে বিল কুমারী বিলের ব্রিজের পাশে তানোর উপজেলা প্রশাসন ও তানোর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ এবং আবু হানিফ।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

তানোর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে বিলের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় মৎস্যজীবীদের উপস্থিতিতে বিল কুমারী ও জবই বিলে কার্প, রুই, কাতলা ও মৃগেলসহ মোট ৯০০ কেজি এবং দেশীয় প্রজাতির শিং, টেংরা, পাবদা ও গুলশাসহ মোট ১ হাজার ৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবু সাঈদ বলেন, জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকার উন্নয়ন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। একই সঙ্গে বিলগুলোতে মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং এলাকার মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।