ঢাকা | জুলাই ৭, ২০২৬ - ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে সোয়া দুই মন গাঁজাসহ দুই মাদকসেবী গ্রেপ্তার

  • আপডেট: Monday, June 8, 2026 - 11:01 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে সোয়া দু‘মন (৯০ কেজি) গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার দিহাগত গভীর রাতে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাউল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হামেদুল ইসলাম (৩৫) তুলারবাউল এলাকার এজামুল হকের ছেলে এবং রশিদ (৪৪) একই এলাকার মৃত এজামুদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে নিয়ামতপুর থানায় প্রেস ব্রিফিং করেন নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

প্রেস গ্রিটিং কালে তিনি সাংবাদিকদের জানান, নিয়ামতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  মাদকদ্রব্যের (গাঁজার) একটি বড় চালান পাঁড়ইল ইউনিয়নে প্রবেশ করেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার দিবাগত রাতে অভিযান চালানো হয়।

অভিযানে পাঁড়ইল ইউনিয়নের তুলারবাউল এলাকার একটি মাটির দোতলা বাড়ির শোয়ার ঘর থেকে ১০ টি গাঁজার প্যাকেট (যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা)  উদ্ধার করা হয়। এবং ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় দুজনকে আটক করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।