ঢাকা | জুন ৯, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

সাপাহারে ডিসির মতবিনিময় সভা

  • আপডেট: Monday, June 8, 2026 - 11:03 pm

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এবং মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৩টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সাথে তিনি মাদকাসক্তি নির্মূলে সুশীল সমাজকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা রিয়াজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু এবং প্রবীণ রাজনীতিবিদ সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।