ঢাকা | জুন ৪, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 10:20 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে মিরাজ আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি আমবাগানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ ভবানীপুর গ্রামের বাবু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিজস্ব আমবাগানে আম পাড়ার কাজ করছিল মিরাজ।

এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রামজীবন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।