পাবনায় নিখোঁজের তিনদিন পরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ বাকপ্রতিবন্ধী শিশু জিহাদের (৬) মরদেহ তিনদিন পরে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। জিহাদ ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে।
বুধবার সকালে ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুর থেকে শিশু জিহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভাঙ্গুড়া থানার এসআই অপূর্ব কুমার ঘোষ জানান, চাকুরীর সুবাদে স্ত্রী ও একমাত্র সন্তান বাকপ্রতিবন্ধী জিহাদকে নিয়ে ঢাকার সাভারে বসবাস করেন জাফর ইকবাল। ঈদের ছুটিতে তারা বাড়িতে আসেন। গত শনিবার পরিবারের সবাই জিহাদের নানার বাড়ি চরভাঙ্গুড়া গ্রামে বেড়াতে যান।
ঘটনার দিন গত রোববার (৩১ মে) বিকেল ৫টার দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল জিহাদ। এর কিছুক্ষণ পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে নানার বাড়ির পাশে পুকুরে শিশু জিহাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে।











