ঢাকা | জুন ৪, ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ন

রাজশাহী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হলেন নাসরিন সুলতানা

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 10:19 pm

বাগমারা প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন নাসরিন সুলতানা। তিনি রাজশাহী জেলার চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় নাসরিন সুলতানা প্রথমে চারঘাট উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হন।

পরবর্তীতে তার পেশাগত দক্ষতা, শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান, সৃজনশীল শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ রাজশাহী জেলা পর্যায়েও তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হন।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিজের অনুভূতি ব্যক্ত করে নাসরিন সুলতানা জানান, ২০১০ সালে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষকতা জীবন শুরু করেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। ব্যক্তিগত জীবনে নাসরিন সুলতানা দুই সন্তানের জননী। তার স্বামী আব্দুল বারী ইবনে জামাল একটি প্রতিষ্ঠিত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ডিভিশন ইনচার্জ পদে কর্মরত আছেন।