পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত ৩
অনলাইন ডেস্ক: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। গত সোমবার রাতে এবং গতকাল মঙ্গলবার সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
গত সোমবার রাত ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর কলেজ গেটসংলগ্ন দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পলাশ হোসেন (৪০) নিহত হন। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার চাকলা গ্রামের বাবু মন্ডলের ছেলে। এছাড়াও তিনি পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। দুপচাঁচিয়া থানার ওসি তাজলিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন৷
এদিকে কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কাহালুতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তামিম হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা অপর একজন। মঙ্গলবার (২ জুন) বেলা পৌনে ১১টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম হোসেন বগুড়া সদর উপজেলার এরুলিয়া উত্তরপাড়া গ্রামের মো. খোকনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে মো. শামীম হোসেন (১৮)। তারা দুজনেই পেশায় ফ্রিজ মিস্ত্রি ছিলেন।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ধুনট উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাকিল হোসেন (২৮) নিহত ও তার সঙ্গি আশিক আহমেদ (২২) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া সেতু এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাকিল ও আহত আশিক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রসুনশিমুলবাড়ী এলাকার বাসিন্দা।











