ঢাকা | জুন ১, ২০২৬ - ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে মাদক কারবারি দুই গ্রুপের সংঘর্ষ

  • আপডেট: Monday, June 1, 2026 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীর কেঁদুর মোড় এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণের জেরে দুই মাদক কারবারি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

গত রোববার রাত পৌনে ১১টার দিকে বোয়ালিয়া থানা এলাকার কেঁদুর মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে ‘পঞ্চবটি’ ও ‘খর্বোনা’ এলাকার দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে খর্বোনা এলাকার মিঠুনের ছেলে শিমুল (২৮) প্রতিপক্ষ হালিমের ছেলে মারুফ ও তার লোকজনের ওপর চড়াও হয়। পরে ছুরিকাঘাতের ঘটনায় আলামিনসহ মোট তিনজন গুরুতর আহত হন।

প্রথম দফার সংঘর্ষের পর রাতভর থেমে থেমে উত্তেজনা চলতে থাকে। এ সময় সুযোগ নিয়ে এক পক্ষ অপর পক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়ির আসবাপপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে বোয়ালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।