ঢাকা | মে ১৮, ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম

কেশরহাট পৌরসভায় মতবিনিময় সভা ও ইউনিব্লক সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

  • আপডেট: Monday, May 18, 2026 - 11:16 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় জনবান্ধব নাগরিক সেবা নিশ্চিতকরণ ও আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার কেশরহাট পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভার মেয়র ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন।

সভায় পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থা, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনসেবাকে আরও সহজ ও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নাগরিকদের প্রত্যাশা পূরণে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব পৌরসভা গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এদিকে একইদিনে কেশরহাট পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটএওচ)-এর আওতায় তিলাহারী সরদার মোড় হতে রহিমের দোকান পর্যন্ত ইউনিব্লক সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা ও মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও কেশরহাট পৌরসভার প্রশাসক জোবায়দা সুলতানা, উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক খুশবুর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজাসহ কেশরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।