ঢাকা | মে ১৭, ২০২৬ - ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম

টিউশনিতে যাওয়ার পথে রাবি শিক্ষার্থীকে পিটিয়ে জখম

  • আপডেট: Sunday, May 17, 2026 - 10:39 pm

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: টিউশনিতে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক অটোচালকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নেন। অন্যদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তকে পুলিশে সোপর্দ করে।

গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে নগরীর ভদ্রা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী। আহত শিক্ষার্থীর নাম শাকিল দেওয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। অন্যদিকে অভিযুক্ত অটোচালকের নাম আশিকুল ইসলাম (৪৩)। তিনি কাটাখালী থানার কাপাসিয়া এলাকার আজিজুল সরকারের ছেলে এবং বর্তমানে বোয়ালিয়া থানাধীন হেতেমখাঁ কলাবাগান এলাকায় বসবাস করেন। এদিকে অভিযুক্তকে গতকাল রোববার আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম।

তিনি বলেন, ‘গতকাল বাকবিতন্ডার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পেয়েছি। এই ঘটনায় ভুক্তভোগী একটি মামলার আবেদন করেন। আমরা সেটি গ্রহণ করেছি। ভুক্তভোগী শিক্ষার্থী শাকিল বলেন, ‘আমি সাইকেল নিয়ে টিউশনিতে যাচ্ছিলাম। ভদ্রা মোড়ে পৌছালে এক অটোচালক পেছন থেকে আমাকে উদ্দেশ্য করে বলে ‘এত আস্তে কেউ সাইকেল চালায়?’ একই সাথে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি এই আচরণের প্রতিবাদ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পরপরই শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করতে আমরা দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি। পাশাপাশি অভিযুক্ত অটোরিকশাচালক যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য বোয়ালিয়া থানার ওসির সাথে কথা বলে দ্রুত পুলিশি পদক্ষেপ নেয়া হয়েছে। ওই রাস্তায় শিক্ষার্থীরা প্রায়ই হেনস্তা ও ছিনতাইয়ের শিকার হচ্ছে। তাই তাদের নিরাপদ চলাচল ও সার্বিক নিরাপত্তা জোরদারে আমরা পুলিশ কমিশনারকে চিঠি দিচ্ছি এবং উপাচার্যের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি।’