ঢাকা | মে ১৭, ২০২৬ - ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম

সোমবার রাজশাহীতে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • আপডেট: Sunday, May 17, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সোমবার (১৮ মে) রাজশাহীর বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আজ সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসময় কাপাশিয়া ফিডারের (সোর্স থেকে কাপাশিয়া মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ পর্যন্ত) আওতাধীন কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।