পোরশায় নছিমনের ধাক্কায় আদিবাসী নেতা নিহত
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ইঞ্জিন চালিত নছিমন ভুটভুটির ধাক্কায় স্থানীয় আদিবাসী নেতা রামলাল কুজুর (৪০) নিহত হয়েছেন। তিনি উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তেঁতুলিয়া ইউনিয়নের কাঠপুকুর গ্রামের মৃত রুপচাঁনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামলাল গত বুধবার বিকালে মোটরসাইকেল যোগে নওগাঁ কোর্ট থেকে ফেরার পথে উপজেলার ছাওড় ইউনিয়নের বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কের ওপর পৌঁছালে পিছন দিক থেকে আশা একটি স্টিয়ারিং (নসিমন) ভুটভুটি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার ওপর পড়ে যায়।
এসময় নছিমন ভুটভুটিটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। ফলে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রামলালের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তার ভাই জগেস সরদার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডাঙ্গা গ্রামের দুখু মিয়ার ছেলে শিরুল (৩৫) এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে আসামি শিরুলকে আটক করা হয়েছে এবং নছিমন ভুটভুটিটি জব্দ করা হয়েছে।











