ঢাকা | মে ১৩, ২০২৬ - ২:৪৮ পূর্বাহ্ন

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চীনের চিকিৎসা প্রতিনিধি দল

  • আপডেট: Monday, May 11, 2026 - 10:27 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও কার্যক্রম পরিদর্শন করেছেন চীন সরকারের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল ত্যাগ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘এস্টাবলিশমেন্ট অব আ ১০০০-বেড বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ হসপিটাল’ শীর্ষক প্রকল্পের আলোচনা ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে চীনা প্রতিনিধি দলটি রাজশাহী সফরে আসেন। প্রতিনিধি দলে ছিলেন চীনের চিকিৎসা বিশেষজ্ঞ চেন জিউয়েন , ঝাও ইয়ানান, লি হং কুন   ও ডং লি । পরিদর্শনকালে প্রতিনিধি দলটি হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তারা হাসপাতালের অবকাঠামো, জনবল এবং স্বাস্থ্যসেবা প্রদানের পদ্ধতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান, রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরা এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মুস্তাফিজুর রহমান।

এছাড়াও হাসপাতালের চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রকল্প সংক্রান্ত এক আলোচনা সভায় অংশ নেন। এর আগে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।