রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে সোমবার হতে রাজশাহী মহানগর ও জেলায় স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। নগরীর বিভিন্নস্থানে খোলা ট্রাকে এসব পণ্য বিক্রি করা হয়।
টিসিবির রাজশাহী অফিস প্রধান আতিকুল ইসলাম জানিয়েছেন, প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায়, প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা দরে, ১ কেজি চিনি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে সবগুলো পণ্যের প্যাকেজ মূল্য ৪৮০ টাকা।
শুক্রবার ছাড়া প্রতিদিন এসব পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। রাজশাহীতে প্রতিদিন ১৫টি ট্রাকে ৬০০০ হাজার গ্রাহক পণ্য কিনতে পারবেন।
এদিকে, টিসিবির পণ্য কিনতে ভিড় জমাচ্ছেন নিম্নআয়ের মানুষ। বাজারের তুলনায় দাম কম হওয়ায় টিসিবির পণ্য কিনছেন তারা। তবে লাইনে দাঁড়ানো নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। দীর্ঘ সময় লাইনে থাকতে গিয়ে বয়স্কদের অনেকেই অসুস্থ হয়েও পড়েন।










