ঢাকা | মে ১৩, ২০২৬ - ২:৪৮ পূর্বাহ্ন

মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের নিপীড়নের অভিযোগ

  • আপডেট: Monday, May 11, 2026 - 10:16 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক ও উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল বাসেতের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার এক ছাত্র সোমবার দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় এলাকার জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা তদন্তসাপেক্ষে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

নির্যাতনের শিকার ওই ছাত্র জানান, গত বছর তিনি ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার ইয়াজদাহম জামাত শ্রেণিতে ভর্তি হন। আবাসিক ছাত্র হিসেবে শিক্ষক ও উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাসেতের কক্ষেই ঘুমাতেন। শিক্ষক আব্দুল বাসেত রাতে তাকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকারের মতো অনৈতিক ও আপত্তিকর কাজে বাধ্য করতেন। শিক্ষক আব্দুল বাসেত শুধু ওই ছাত্রকেই নয়, আরও একাধিক ছাত্রের সঙ্গেও অনৈতিক কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী ছাত্ররা বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলামকে জানালে তিনি উপযুক্ত শিক্ষকের বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এছাড়া তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীদের নানাভাবে ভয়ভীতিও দেখান। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্র সোমবার দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

এদিকে শিক্ষক মাওলানা আব্দুল বাসেত তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তার সম্মানহানির উদ্দেশ্যে শত্রুতাবশত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম অভিযোগটিকে সাজানো ও মিথ্যা দাবি করে বলেন, ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তিনি তদন্ত করেছেন। তবে অভিযোগের কোনো সত্যতা মেলেনি।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, অভিযোগ পাওয়ার পর ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।