ঢাকা | মে ৪, ২০২৬ - ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

  • আপডেট: Sunday, May 3, 2026 - 10:17 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর-এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) এবং নাচোলের ভোলামোড় এলাকার সোহান (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে দুইজন আজিপুর ভোলামোড় থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। পথে একটি নাইট কোচকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।

এতে মোটরসাইকেলটি ট্রাকের ডান পাশে সজোরে আঘাত করে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই জিসান ও সোহানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যান।

নিহত জিসান মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তিনি নওগাঁ জেলার দুদকে কর্মরত ছিলেন। শ্বশুরবাড়ি থেকে শ্যালক সোহানকে নিয়ে নওগাঁ যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।